News

Title : পিপিআর, ২০২৫-এর আওতায় প্রথম প্রাক-ক্রয় সম্মেলন অনুষ্ঠিত
Description :

পিপিআর, ২০২৫-এর আওতায় প্রথম প্রাক-ক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) টেকসই পাবলিক প্রকিউরমেন্ট (এসপিপি) নীতির আলোকে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় একটি বহুতল টেকসই (গ্রিন) অফিস ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

এই লক্ষ্যকে সামনে রেখে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশ পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে অবস্থিত বিপিপিএ সম্মেলন কক্ষে প্রস্তাবিত বিপিপিএ ভবন নির্মাণ বিষয়ে একটি প্রাক-ক্রয় সম্মেলন (Pre-Procurement Conference) আয়োজন করা হয়।

বেসরকারি খাতের নির্মাতা ও ডেভেলপার, স্থপতি, সিভিল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রকৌশলীসহ গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), রাজউক, পরিবেশ অধিদপ্তর, আইএবি, আইইবি ও রিহ্যাবের প্রতিনিধিসহ টেকসই নির্মাণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও উদ্যোক্তাগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ সভাপতিত্ব করেন। বিপিপিএ-এর পরিচালক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম প্রস্তাবিত অফিস ভবন নির্মাণ পরিকল্পনার একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

সম্মেলনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. মো. খালেকুজ্জামান চৌধুরী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি জনাব মো. আসিফুর রহমান ভূঁইয়া, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার এবং কারিগরি বিশেষজ্ঞ জনাব মোসলেহ উদ্দীন আহমেদসহ বিশিষ্টজনরা প্রস্তাবিত টেকসই অফিস ভবন নির্মাণ বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

এটি সদ্য কার্যকর পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর আওতায় আয়োজিত প্রথম প্রাক-ক্রয় সম্মেলন। পিপিআর ২০২৫ অনুযায়ী, প্রারম্ভিক পর্যায়ে উপযুক্ত ক্রয় কৌশল নির্ধারণে প্রাক-ক্রয় সম্মেলনের মাধ্যমে আগাম বাজার সম্পৃক্ততার সুযোগ রাখা হয়েছে।

প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হচ্ছে মর্মে তথ্য জানিয়ে সম্মেলনে বিপিপিএ-এর সিইও বলেন, একটি আইকনিক টেকসই ভবন হিসেবে বিপিপিএ ভবন বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন পর্যায়েই সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞবর্গ ও ইকোনমিক অপারেটরগণের নিকট হতে পরামর্শ গ্রহণের মাধ্যমে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মানদণ্ডের ভিত্তিতে স্বীকৃত নির্মাণকৌশল অনুসরণে বিপিপিএ দৃঢ়প্রতিজ্ঞ।

বিপিপিএ, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে একটি কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে প্রকল্প প্রণয়ন তথা ভবন নির্মাণের পরবর্তী পদক্ষেপসমূহ বাস্তবায়নের বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেন।

 

Publication Date : 19/01/2026