News

Title : বিপিপিএ বার্ষিক প্রতিবেদন আইএমইডি-তে জমা দিয়েছে
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩ এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী প্রস্তুতকৃত তাদের বার্ষিক প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এ জমা দিয়েছে।

বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস. এম. মঈন উদ্দীন আহমেদ আইএমইডি সচিব জনাব সিরাজুন নূর চৌধুরীর কাছে তাঁর শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে অবস্থিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে বিপিপিএ-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক প্রতিবেদনটিতে ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্যক্রম এবং অগ্রগতির একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করা হয়েছে। এটি একটি প্রামাণ্য রেফারেন্স নথি হিসেবে প্রণীত, যেখানে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), টেকসই সরকারি ক্রয় (এসপিপি), আইন ও বিধিমালার সংশোধনী, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ বিষয়ে বিশ্লেষণ ও তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদন গ্রহণের সময় আইএমইডি সচিব বিপিপিএকে ধন্যবাদ জানান এবং বলেন, ভবিষ্যতে বার্ষিক প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। তিনি প্রকাশনাটির সামগ্রিক নকশা ও উপস্থাপনারও প্রশংসা করেন।

বিপিপিএ-এর সিইও বলেন, এটি বিপিপিএ-এর প্রথম বার্ষিক প্রতিবেদন। উল্লেখ্য, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি ২০২৩ সালের ১৮ই সেপ্টেম্বর আইএমইডি-এর পূর্বতন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) রূপান্তরের মাধ্যমে একটি কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

 

Publication Date : 17/02/2026