News

Title : এলজিইডিতে বিপিপিএ-এর ই-জিপি প্রশিক্ষণ
Description :

সরকারি ক্রয় কার্যক্রম শতভাগ ডিজিটাইজেশনের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ৫ এপ্রিল, ২০২৬ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আগারগাঁওস্থ আরডিইসি ভবনের প্রশিক্ষণ ল্যাবে ক্রয়কারী সংস্থার কর্মকর্তাদের জন্য পাঁচ দিনব্যাপী ই-জিপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যা ৯ এপ্রিল, ২০২৬ তারিখে শেষ হবে।

বিপিপিএ-এর নিজস্ব অর্থায়নে এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। ১৮ জানুয়ারি, ২০২৬ থেকে বিপিপিএ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, যাতে ক্রয়কারী সংস্থার কর্মকর্তারা ই-জিপি বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করতে পারেন।

এলজিইডিতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব বেলাল হোসেন। এছাড়া বিপিপিএ-এর পরিচালক জনাব মুহাম্মদ মুতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “মাঠ পর্যায়ে ই-জিপি ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিপিপিএ এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করছে।” তিনি আরও উল্লেখ করেন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর, ২০২৫) অনুযায়ী ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে দেশের সরকারি ক্রয় কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাল করা যায়।

তিনি বলেন, “সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-জিপির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য।”

বিপিপিএ’র নিজস্ব অর্থায়নে ঢাকায় আয়োজিত এ ধরণের প্রশিক্ষণই প্রথম উদ্যোগ। এর আগে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগের আঞ্চলিক জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী এই আয়োজনকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করা এলজিইডির জন্য একটি সুযোগ। পাঁচ দিনব্যাপী প্রতিটি ব্যাচে ২০ থেকে ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

বিপিপিএ প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাবে। এর আগে বিপিপিএ ‘ডাইম্যাপ’ (DIMAPP) প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান Dohatec New Media- এর মাধ্যমে ক্রয়কারী ও দরদাতাদের প্রশিক্ষণ প্রদান করেছে।

বর্তমানে বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন “Procurement Modernization to Improve Public Service Delivery (PMIPSD)” প্রকল্পের আওতায় আরও ই-জিপি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।

 

Publication Date : 07/04/2026