News

Title : পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬-এর গেজেট প্রকাশিত
Description :

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ -এর গেজেট ১০ এপ্রিল, ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। একই দিনে মহামান্য রাষ্ট্রপতি এতে সম্মতি প্রদান করেন।

এর আগে, ৯ এপ্রিল, ২০২৬ তারিখে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।

এরও আগে, ৪ মে, ২০২৫ তারিখে মহামান্য রাষ্ট্রপতি পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেন। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জারি করা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশটি কার্যকর করে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (পিপিএ ২০০৬)-এর সংশোধনসমূহকে আইনি কাঠামোর মধ্যে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা ও বাধ্যবাধকতার প্রেক্ষিতে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করা আবশ্যক ছিল।

এই আইনে উল্লেখযোগ্য সংশোধনগুলোর মধ্যে রয়েছে- অভ্যন্তরীণ কার্য ক্রয়ে ১০ শতাংশ কম-বেশি মূল্যসীমা প্রত্যাহার, ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রে (ICT) যৌথ উদ্যোগে (JV) স্থানীয় অংশীদার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা, সরকারি ক্রয়ে গুণগতমান, নৈতিকতা ও দক্ষতার উপর বিশেষ গুরুত্ব প্রদান, এবং টেকসই সরকারি ক্রয়ের অন্তর্ভুক্তি, ইত্যাদি।

জাতীয় সংসদে বিলটি পাস এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতির পর অধ্যাদেশটি এখন আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে।

 

Publication Date : 12/04/2026