News
| Title | : | ফিডিক চুক্তির শর্তাবলি বিষয়ে বিপিপিএ-এর প্রশিক্ষণ অনুষ্ঠিত |
|---|---|---|
| Description | : | বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর কর্মকর্তাদের জন্য ফিডিক চুক্তির শর্তাবলি বিষয়ক তিনদিনব্যাপী একটি প্রশিক্ষণ ১৮ জুন, ২০২৬ তারিখে শুরু হয়ে ২০ জুন, ২০২৬ তারিখে বিপিপিএ-এর সম্মেলন কক্ষে শেষ হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর কয়েকজন কর্মকর্তাও এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রকৌশলী ফেডারেশন (ফিডিক) প্রণীত চুক্তি কাঠামো বিশ্বব্যাপী নির্মাণ ও প্রকৌশল খাতে বহুল ব্যবহৃত ও স্বীকৃত। এসব মানসম্মত চুক্তি দলিল বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং চুক্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. দালিল উদ্দিন, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিডিক চুক্তি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং জাতীয় ক্রয় প্রশিক্ষক। ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কার্যকর চুক্তি ব্যবস্থাপনার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০ জুন, ২০২৬ তারিখে সমাপনী বক্তব্যে তিনি প্রকল্প বাস্তবায়ন ও চুক্তি প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ, কার্যকর ও ফলপ্রসূ করার ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণের অধিবেশনগুলো ছিল অত্যন্ত অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত। এতে বিস্তৃত আলোচনা, বাস্তব উদাহরণ, প্রশ্নোত্তর, কেস বিশ্লেষণ এবং প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের শিক্ষণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করে এবং চুক্তি কাঠামোর বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীরতর ধারণা অর্জনে সহায়তা করে। ই-জিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির আওতায় দোহাটেক নিউ মিডিয়া প্রশিক্ষণ কর্মসূচিটি ব্যবস্হাপনার দায়িত্ব পালন করে। তিনদিনব্যাপী প্রশিক্ষণে লাল, হলুদ ও রূপালি বইয়ের আলোকে চুক্তি দলিলের পরিচিতি ও মূলনীতি, সংশ্লিষ্ট পক্ষসমূহের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও বাধ্যবাধকতা, প্রকল্প ব্যবস্থাপনা, কাজ সমাপ্তি-পরবর্তী পরীক্ষা ও হস্তান্তরের পর ব্যবস্থাপনা, আর্থিক ধারা, প্রক্রিয়া, চুক্তিমূল্য ও অর্থ পরিশোধ, কাজ স্থগিতকরণ ও চুক্তি সমাপ্তি, ঝুঁকি ও দায়, অপ্রতিরোধ্য পরিস্থিতিজনিত বিষয়াবলি, দাবি, বিরোধ নিষ্পত্তি এবং সালিশি কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। |
| Publication Date | : | 21/06/2026 |