News
| Title | : | টেকসই ক্রয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে বিপিপিএ-এর নতুন সিইও |
|---|---|---|
| Description | : | জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি, এমসিআইপিএস ২৮ জুলাই, ২০২৬ তারিখে সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করে একই দিনে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। সরকার ২৮ জুলাই, ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বিপিপিএ-তে যোগদানের আগে তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ব্যাচের একজন সদস্য হিসেবে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন, উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল গভর্ন্যান্স, প্রকল্প প্রণয়ন ও ব্যবস্থাপনা এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বিপিপিএ-এর দায়িত্ব গ্রহণের পর জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান টেকসই সরকারি ক্রয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর মতে, সরকারি ক্রয় কেবল সাশ্রয়, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টির একটি কৌশলগত হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান ২৫ জানুয়ারি, ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি প্রায় পাঁচ বছর বেসরকারি খাতে কর্মরত ছিলেন। সরকারি চাকরীজীবনে পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান, সিনিয়র সহকারী প্রধান এবং উপপ্রধান হিসেবে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রকল্প-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ দায়িত্বে তিনি পেশাগত নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল শিল্পচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালের ৫ আগস্ট শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক এবং ২০০৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট (এমপিএসএম) ডিগ্রি অর্জন করেন, যা আধুনিক সরকারি ক্রয় ব্যবস্থাপনায় তাঁর একাডেমিক দক্ষতার পরিচায়ক। এছাড়া ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ম্যাক্রোইকোনমিক অ্যানালাইসিস-এ স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। ২০২২ সালে তিনি মর্যাদাপূর্ণ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্স সম্পন্ন করেন এবং বর্তমানে চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস)-এর সদস্য (এমসিআইপিএস)। উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), বিপিআই, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও বক্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দেশ-বিদেশে তিনি অনেক পেশাগত প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সরকারি দায়িত্বে সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ড, চীন, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্য সফর করেছেন। জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামানের লক্ষ্য বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, যেখানে টেকসই সরকারি ক্রয় নীতি, সবুজ ও জলবায়ু-সহনশীল ক্রয়, উদ্ভাবন, স্থানীয় শিল্পের বিকাশ, ডিজিটাল প্রকিউরমেন্ট এবং সমগ্র ক্রয়চক্রে “ভ্যালু ফর মানি” নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁর নেতৃত্বে বিপিপিএ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরকারি ক্রয় সংস্কারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি ক্রয় হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত জনসেবা নিশ্চিত করার অন্যতম প্রধান চালিকাশক্তি। ব্যক্তিগত জীবনে জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান বিবাহিত। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
|
| Publication Date | : | 30/07/2026 |