News

Title : বিপিপিএ-এর চার সপ্তাহের সরকারি ক্রয় প্রশিক্ষণ শুরু
Description :

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর চার সপ্তাহব্যাপী (২১ দিন) মৌলিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট (পিপিএম) প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের প্রশিক্ষণ ৮ আগস্ট, ২০২৬ তারিখে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) ক্যাম্পাসে শুরু হয়েছে।

বিপিপিএ আয়োজিত প্রথম ব্যাচের এই অনাবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শেষ হবে। বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২৮ জন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন।

বিপিপিএ-এর ফ্ল্যাগশিপ মৌলিক সরকারি ক্রয় প্রশিক্ষণের মেয়াদ আগে ছিল তিন সপ্তাহ। বিশ্বব্যাংকের সহায়তায় বিপিপিএ কর্তৃক বাস্তবায়নাধীন ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি’ (পিএমআইপিএসডি) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মেয়াদ এখন চার সপ্তাহে উন্নীত করার পাশাপাশি এর পরিধিও সম্প্রসারণ করা হয়েছে। বিপিপিএ মোট ২২টি অনাবাসিক ও পাঁচটি আবাসিক ব্যাচে চার সপ্তাহের এই প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করেছে।

প্রশিক্ষণের মেয়াদ ও পরিধি বাড়ানোর ফলে অতিরিক্ত কেস স্টাডি ও ব্যাবহারিক সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি হয়েছে। সংশোধিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিপিপিএ কার্যালয় এবং একটি ক্রয়কারী প্রতিষ্ঠানের কার্যালয় পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা সরকারি ক্রয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এছাড়া, পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এ ভৌত সেবাকে সরকারি ক্রয়ের একটি পৃথক শ্রেণি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ সেশনের প্রয়োজন হয়েছে। তিন সপ্তাহের পুরোনো কোর্সে ই-জিপি বিষয়ে ওরিয়েন্টেশনের জন্য বরাদ্দ এক দিনের সেশন নতুন চার সপ্তাহের কর্মসূচিতে বাড়িয়ে তিন দিন করা হয়েছে।

বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সরকারের সচিব জনাব আবু সাঈদ মো. কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর জনাব মো. আশরাফুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিপিপিএ-এর পরিচালক ও জাতীয় পর্যায়ের প্রকিউরমেন্ট প্রশিক্ষক জনাব শাহ ইয়ামিন-উল ইসলাম রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিপিপিএ-এর পরিচালক ও যুগ্মসচিব শেখ মুহাম্মদ রেফাত আলী এবং প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটর ড. তাওহীদ হাসানও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বিপিপিএ-এর সিইও সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্রয়কারী প্রতিষ্ঠানে সরকারি ক্রয় কার্যক্রমের মানোন্নয়নে মৌলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

টেকসই সরকারি ক্রয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন অর্জনের জন্য টেকসই ক্রয় বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অংশগ্রহণকারীদের পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বিভিন্ন বিধান এবং স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসের (এসটিডি) আলোকে সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ও সম্যক ধারণা অর্জন করতে হবে।

সরকার দেশের সব সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক করায় অংশগ্রহণকারীদের ই-জিপি ব্যবস্থা সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে জনাব মো. আশরাফুল আলম প্রশিক্ষণ আয়োজনের জন্য বিপিপিএ-কে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণার্থীদের কর্মসূচিতে স্বাগত জানান।

ইঞ্জিনিয়ার শেখ আল আমিন বলেন, ইএসসিবি-তে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে আইইবি সবসময় বিপিপিএকে সহযোগিতা করতে প্রস্তুত। চার সপ্তাহব্যাপী দ্বিতীয় অনাবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ১৫ আগস্ট, ২০২৬ তারিখে ইএসসিবি-তে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শেষ হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

 

 

 

 

 

Publication Date : 09/08/2026