News

Title : সরকারি ক্রয়ে সক্ষমতা বাড়াতে বিপিপিএ-এর ই-জিপি প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত
Description :

সরকারি ক্রয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশব্যাপী ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিকেন্দ্রীভূত প্রশিক্ষণ কৌশলের আওতায় বিপিপিএ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ অবকাঠামো ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করছে। ই-জিপি ব্যবস্থার ক্রমবর্ধমান ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির চাহিদা পূরণে এসব প্রশিক্ষণ বিপিপিএ-এর নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই, ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর বিকেআইআইসিটি (BKIICT) ল্যাবে পাঁচ দিনব্যাপী একটি ই-জিপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে ২১ জুলাই, ২০২৬ তারিখে শেষ হয়েছে। এতে সরকারের বিভিন্ন ক্রয়কারী সংস্থার ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।  

১৫ জুলাই, ২০২৬ তারিখে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। এ সময় বিপিপিএ-এর পরিচালক জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন বিপিপিএ-এর পরিচালক জনাব হারুন অর রশীদ এবং পরিচালক জনাব মোহাম্মদ আলী আহম্মেদ খাঁন।

উদ্বোধনী বক্তব্যে বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ই-জিপি সিস্টেমের কার্যকর বাস্তবায়নে অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "সরকারি ক্রয় আইনের আওতায় ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক। তাই সংশ্লিষ্ট সব অংশীজনের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান সংখ্যক ই-জিপি ব্যবহারকারীকে প্রশিক্ষণের আওতায় আনতে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূতভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি।"

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিকও ই-জিপি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগে বিসিসির সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য বিসিসিতে আধুনিক ও সুসজ্জিত একাধিক প্রশিক্ষণ ল্যাব রয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

Publication Date : 21/07/2026